চাঁদপুরে ‘কাচ্চি ডাইন’সহ ২ রেস্তোরাঁকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে চাঁদপুরে দুটি কাচ্চি রেস্তোরাঁকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার দুপুরে চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ‘কাচ্চি ডাইন’ ও ‘কাচ্চি ডাইনিং’ নামে দুই প্রতিষ্ঠানে এ জরিমানা করা হয়।

অভিযানের সময় প্রতিষ্ঠান দুটিতে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ মাওয়া, বাদামের শরবত ও মাংস পাওয়া যায়। এসব পণ্য ইফতারি হিসেবে বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘আমরা কাচ্চি ডাইনের কিচেন পরিদর্শন করে ৮০ টুকরো রাইসযুক্ত মাংস যা কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করা হয়েছিল এবং মেয়াদোত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া পেয়েছি। সেগুলো বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছিল। তাই তাদের প্রাথমিকভাবে ২০ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়েছে। পুনরায় এ ধরনের অনিয়ম পেলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।’

ভোক্তা অধিকারের এই মনিটরিং চলমান থাকবে বলে জানান তিনি।