গণঅধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘প্রায় এক মাস হয়েছে একটা নতুন সরকার গঠিত হয়েছে। সরকারি দল বিরোধী দল, সবাই বলা চলে আমরা এক পক্ষের লোক। গত ১৬ বছর আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করেছি– বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য।’
সোমবার (১৬ মার্চ) শেষ বিকালে পটুয়াখালী শিশুপার্কে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, ‘মানুষের অধিকার আদায় করতে গিয়ে আমরা নির্যাতিত-নিষ্পেষিত হয়েছি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হয়রানি হয়েছে নির্যাতিত হয়েছে। আমি এমপি এবং মন্ত্রী হয়েছি, তবে ৫ আগস্টের আগে এই নিজের জেলায় আসার মতো নিরাপদ অবস্থা ছিল না।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সাধারণ মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর দেশের বাইরে ছিলেন, দেশে আসতে পারেননি। তারেক রহমান নির্যাতিত হয়েও আপস করেননি। ২৪ সালের নির্বাচনে যদি আপস করতেন বিরোধী দল হবেন, তাহলে তিনি দেশে আসতে পারতেন।
‘তার ভাই মারা গেছে, লাশটাও দেখতে পারেননি। তার মা সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী খালেদা জিয়া আপস না করে জেলে গেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। দেশের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে তিনি আপস করেননি। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন।’