বজ্রাঘাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদী তীরে বজ্রাঘাতে ঠাকুর চান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঠাকুর চান মুছাপুর ইউনিয়নের জেলেপাড়া এলাকার জনার্দনের (৪৫) ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা দেখা দিলে বাবা-ছেলে নদীর ধারে বেঁধে রাখা মাছ ধরার নৌকা ঠিক আছে কিনা দেখতে যান। এ সময় হঠাৎ বজ্রাঘাতে তারা আহত হন। ঘটনাস্থলেই ঠাকুর চানের মৃত্যু হয়।

এদিকে, রবিউল হোসেন নামের আরেক যুবক নিজের তরমুজ ক্ষেতে পাহারারত অবস্থায় বজ্রপাতের শব্দ ও আলোর প্রভাবে আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. আব্দুল করিম বলেন, ‘বজ্রপাতের পর বাবা ও ছেলেকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা ছেলেকে মৃত অবস্থায় পাই। তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।’