ঈদের ছুটিতে সাজেকে ভ্রমণপিপাসুদের ভিড়

‘বাংলার ভূস্বর্গ’ খ্যাত রাঙামাটির সাজেক ভ্যালিতে ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়। খালি নেই রিসোর্টগুলো। ঈদের পর সোমবার সকালে খাগড়াছড়ি থেকে চারশোর বেশি গাড়ি সাজেকে প্রবেশ করেছে। সাজেকে ছোট-বড় মিলে রিসোর্ট রয়েছে ১১৮টি। তাতে রাতযাপন করতে পারেন প্রায় তিন হাজার পর্যটক।

খাগড়াছড়ি থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলোকে সাজেক যাওয়া জন্য বাঘাইহাট মাঠে স্কটের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে।

খাগড়াছড়ির গাড়ির লাইনম্যান সৈকত চাকমা বলেন, ‘আজ খাগড়াছড়ি থেকে পিকআপ, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল মিলে সাড়ে তিনশো গাড়ি প্রবেশ করেছে। এ ছাড়াও ব্যক্তিগত গাড়িও আছে অর্ধশত। গাড়ি সংকটে অনেকে সাজেক যেতে পারছেন না। সাজেক থেকে গাড়ি কম বের হচ্ছে।’

সোমবার সকালে খাগড়াছড়ি থেকে চারশোর বেশি গাড়ি সাজেকে প্রবেশ করেছেসাজেকে গাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, সকাল থেকে প্রায় তিনশ গাড়ি বের হয়েছে। গত দুই দিনের তুলনায় আজ সবচেয়ে বেশি পর্যটক সাজেকে এসেছেন।

রাঙামাটির সাজেক পর্যটন রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, ‘২২ তারিখ থেকে ২৮ মার্চ পর্যন্ত রুম বুকিং রয়েছে। সাজেকে ১১৮টি রিসোর্ট রয়েছে। যেখানে প্রায় তিন হাজার পর্যটক থাকতে পারেন। যদি এর চেয়ে বেশি পর্যটক আসেন তাহলে তাদের জন্য আশেপাশের বাসাবাড়িতে থাকার ব্যবস্থা করা যাবে।’

তিনি আরও বলেন, ‘গত দেড় মাস সাজেক অনেকটা পর্যটকশূন্য। এই ছুটিতে পর্যটক আসায় ভালো ব্যবসা হবে আশা করছি।’