সাতক্ষীরায় গুদাম থেকে ২০০ লিটার ডিজেল জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে গুদামে রাখা ২০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ)  বিকাল ৫টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারের রাজ স্টোর থেকে ওই ডিজেল জব্দ করা হয়।
জানা গেছে, স্থানীয় ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করে ব্যবসা প্রতিষ্ঠানে রেখে একশ ২০ টাকার দরে অভিযুক্তরা প্রতি লিটার ডিজেল বিক্রি করছিলেন। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ওই ব্যবসায়ীকে জরিমানা করেন। জব্দ করা ডিজেল নায্যমূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক জানান, অবৈধভাবে কেউ যেন জ্বালানি তেল মজুত করতে না পারে সেজন্য একাধিক সোর্স নিযুক্ত করা হয়েছে। সোর্সের দেওয়া তথ্যে শনিবার বিকালে ভেটখালী বাজারের রাজ স্টোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া জব্দ করা জ্বালানি তেল স্থানীয়দের কাছে খুচরাভাবে একশ পাঁচ টাকা দরে বিক্রি করা হয়েছে।
তিনি আরও জানান, জ্বালানি মজুতকারীর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে অভিযান পরিচালনা করা হচ্ছে।