নারায়ণগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে সৈকত (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর সোমবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ফতুল্লার কাশীপুরের উত্তর নরসিংহপুর এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সৈকত গাইবান্ধা জেলার বাসিন্দা অঞ্জু মিয়ার ছেলে। তার বাবা পেশায় রাজমিস্ত্রি এবং মা গার্মেন্টসকর্মী। তারা পরিবারসহ নরসিংপুরের হাসেম স্পিনিং মিল সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহত সৈকতের বাবা আঞ্জু মিয়া বলেন, ‘সৈকত রবিবার দুপুরে আমার কাছ থেকে টাকা নিয়ে দোকান থেকে চকলেট কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান মেলেনি। সোমবার বিকালে স্থানীয় লোকজন পরিত্যক্ত স্থানে সৈকতের নিথর দেহ পড়ে রয়েছে বলে জানান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।’

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ওইদিন রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে আজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ছিল।’

তিনি জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।