লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার (৮ এপ্রিল) ওই সীমান্তের ধবলগুড়ি এলাকার সীমান্ত পিলার ৮৭৪/৫-এসের কাছে এই ঘটনা ঘটে। এর একদিন আগে এই সীমান্ত এলাকায় একজনকে বিএসএফ গুলি চালিয়ে আহত করে।
নিহতের নাম আলি হোসেন (৫০)। তিনি ওই এলাকার জোংরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বিজিবি জানায়, রাত ৩টার দিকে সাত-আট জন বাংলাদেশি সীমান্তের কাঁতারের বেড়া কাটার জন্য গিয়েছিলেন। তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক গুলি করে। এক পর্যায়ে চোরাকারবারিদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। সে সময় আলী হোসেন (৪৯) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
পরে সকাল ১১টায় বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ের একটি বৈঠক হয়েছে। সেখানে বিজিবি এই হত্যার প্রতিবাদ জানায়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে ৬১ বিজিবির (তিস্তা ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম এবং বিএসএফের পক্ষে ১৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক এবং একজন স্টাফ অফিসার নেতৃত্ব দেন।
জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান জানান, আলি হোসেনের মরদেহ বিকালে বা সন্ধ্যায় ফেরত দেওয়া হতে পারে।