লক্ষ্মীপুরে ছাদ থেকে লাফ দিয়ে নাসির আহমদ নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিজের ছেলেসহ তিন জনকে কুপিয়ে আহত করার পর তিনি ছাদ থেকে লাফ দেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে পৌর শহরের বাঞ্চানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসির অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। সপরিবারে তিনি প্রায় সাত বছর ধরে ঘটনাস্থলের ওই বাড়িতে ভাড়া বাসায় থাকেন।
আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, নাসির ট্রাফিক পুলিশ কনস্টেবল ছিলেন। গেল বছর আগস্টে তিনি চাকরি থেকে অবসরে যান। তার বড় ছেলে প্রতিবন্ধী। বড় ছেলেকে নিয়ে নাসিরের স্ত্রী বেড়াতে গেছেন। গত রাতে আরেক ছেলে কলেজছাত্র ইমরান আহমেদ ও নাসির আহমদ বাসায় ছিলেন। এর মধ্যে নাছির অসুস্থ হয়ে পড়েন। রাতে ছেলে তাকে ওষুধ এনে খাইয়েছে। সকালে ঘুমন্ত অবস্থায় ইমরানকে দা দিয়ে এলোপাতাড়ি কোপান নাসির। একপর্যায়ে ইমরান রক্তাক্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে আসলে প্রতিবেশী স্বপন তাকে লুঙ্গি পরিয়ে দিতে যান। সে সময় নাসির দা দিয়ে স্বপনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। ঘটনাটি দেখতে পেয়ে নাসির নামে একজন তাদের বাঁচাতে যান। কনস্টেবল নাছির তাকেও কুপিয়ে আহত করেন।
পরে কনস্টেবল তিন তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন। তাকেসহ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় তিন ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর কনস্টেবল নাসির মারা যায়। আহত স্বপন ও ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত নাসিরকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।