মেহেরপুরে গুলিতে গুরুতর আহত বিএনপি নেতা

মেহেরপুরের গাংনীতে মুকুল হোসেন নামে এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুকুলের বুকে ও পিঠে চারটি গুলি করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টায় উপজেলার কাথুলি সড়কে এই গুলির ঘটনা ঘটে।

মুকুল হোসেন উপজেলার সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, মুকুল হোসেন গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হন। কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর চারটি গুলি করে পালিয়ে যায়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

খবর পেয়ে ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির চারটি খোসা উদ্ধার করেছে।

ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে অপরাধীদের গ্রেফতারে।’

স্থানীয়রা জানান, মুকুল হোসেনকে এর আগেও দুই দফায় বোমা হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা।