যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার জন্য গেলে ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পান। তারা খবর দিলে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। ধারণা করা হচ্ছে, কেউ বা কারা ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর রাতে ধানক্ষেতে ফেলে রেখে গেছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গলায় কয়েকটি চিহ্ন রয়েছে।