ফেনী রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে গেছে। এতে ট্রেনটিতে কর্মরত সহকারী লোকমাস্টার মো. কায়সার আহত হন। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
ফেনী রেলস্টেশনের (ভারপ্রাপ্ত) স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি জানান, চলন্ত ট্রেনটির পাওয়ার কারে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়ে। এতে ইঞ্জিনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার পর ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সহকারী লোকমাস্টারকে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্টেশন মাস্টার আরও জানান, চট্টগ্রাম থেকে বিকল্প একটি ইঞ্জিন আনা হচ্ছে। নতুন ইঞ্জিন সংযুক্ত করা সম্ভব হলে ট্রেনটি ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে।
ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।