বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন এবং মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় নবজাতক ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজনকে লাঞ্ছিত করার অভিযোগ করেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা।
ঘটনার পর মৃত শিশুর দুই স্বজনকে আটকে রাখা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বরিশালের বানারীপাড়া উপজেলা চাখার গ্রামের উজ্জ্বল দে তার সাত দিনের শিশুসন্তানকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করেন। মঙ্গলবার রাতে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ সময় স্বজনদের সঙ্গে মৃত্যুর বিষয় নিয়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা ক্লাস শেষ করে সেখান থেকে যাওয়ার সময় ডাক্তার ভেবে তাদের ওপর মৃত রোগীর স্বজনরা চড়াও হন। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা অভিযোগ করেন তাদের ওপর হামলা করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা জানিয়েছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুজনকে হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ কে এম মশিউল মুনির জানিয়েছেন, দুপক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হয়েছে।