ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন যানবাহনে লরির ধাক্কা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় তিনটি যানবাহন দুমড়ে-মুচড়ে গেছে। এতে অন্তত ছয় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জুন) রাত পৌনে ১১টায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনের ওপর দিয়ে বেপরোয়া গতিতে একটি লরি টোলপ্লাজা অংশ পার হচ্ছিল। সে সময় ব্রেক ফেল করে সামনে থাকা মাইক্রোবাস, প্রাইভেটকার ও কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রতিটি যানবাহন মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনার কবলে পড়া বাহনগুলোতে থাকা অন্তত ৫-৬ জন আহত হন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘মহাসড়কে চলন্ত লরির ব্রেক ফেল হয়ে যায়। এ সময় সামনে থাকা প্রাইভেটকার, মাইক্রোবাস ও একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রতিটি গাড়ির বড় ধরনের ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৫-৬ জন আহতের কথা শুনেছি। তবে আমরা ঘটনাস্থল পৌঁছে আহত কাউকে খুঁজে পাইনি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি গাড়ি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।