দৌলতদিয়ায় নদীতে বাস, চালক ও সহকারী উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস নদীতে পড়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘এসবি সুপার ডিলাক্স’ নামে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। পরে চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়। বাসে যাত্রীরা ছিলেন না। ফেরিতে ওঠার আগেই তারা নেমে গিয়েছিলেন। বাসে থাকা চালক ও সহকারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ বলেন, ‘কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পরিবহনে ৩৭ জন যাত্রী ছিলেন। এ ছাড়া বাসের তত্ত্বাবধায়ক, সহকারী ও চালকসহ মোট ৪০ জনের মতো ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য ভেড়ে। এ সময় ঘাটের বাঁ পাশের একটি পকেটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামক বড় ফেরি ছিল। অপর পকেটে আরেকটি মাঝারি আকারে ফেরি ছিল। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামক ফেরিতে যানবাহন উঠছিল। বাসটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামক ফেরিতে ওঠার চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি থাকা মাঝারি আকারের ফেরির র‌্যামের সঙ্গে আঘাত করে। এ সময় র‌্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে চলে যায়। বাসটির যাত্রীরা ঘাটে নেমে থাকলেও বাসের চালক ও সহকারী থাকে। পরে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় উদ্ধার কার্যক্রম চালাতে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নৌপুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।