বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বহুল আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে পৃথক তিন স্থানে এসব গণশুনানি অনুষ্ঠিত হয়। তবে ‘মীরবাড়ী’ ও ‘সীমান্ত’ ইউনিয়নের নামকরণের গণশুনানি শেষে হলেও ‘দিগন্ত’ ইউনিয়নের দ্বিতীয় দফা শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। শুনানি কমিটির আহ্বায়করা জানিয়েছেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নগুলোর নতুন নাম নির্ধারণ করা হবে।
মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হয় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের গণশুনানি হয় সৈয়দপুরের জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে এবং দিগন্ত ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হয় ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে।
জানা যায়, সম্প্রতি নবগঠিত তিনটি ইউনিয়নের নাম স্থানীয় সংসদ সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তার দুই ছেলের নাম অনুসারে রাখা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য জেলা প্রশাসক তৌফিকুর রহমান আলাদা কমিটি গঠনের নির্দেশ দেন। তার নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ওই ইউনিয়নের প্রশাসককে গণশুনানি কমিটির আহ্বায়ক করেন। সে লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় তিনটি স্থানে একযোগে গণশুনানির আয়োজন করা হয়, যেখানে স্থানীয় বাসিন্দারা নতুন নামের বিষয়ে মতামত দিয়েছেন।
এদিকে মীরবাড়ী ইউনিয়নের প্রশাসক, নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি মঙ্গলবার বেলা ১০টায় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইউনিয়নের নতুন নাম বেতগাড়ি, কালিয়ারহাট, রামকান্দি, মালোগাড়ি, গুপিনাথপুর, হরিপুর এবং গোরনা এসেছে। তিনি বুধবার জেলা প্রশাসকের দপ্তরে গণশুনানির ফলাফল জমা দিবেন।
সীমান্ত ইউনিয়নের প্রশাসক, নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুব হাসান চৌধুরী জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি মঙ্গলবার বেলা ১০টায় মোকামতলার সৈয়দপুরে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে ইউনিয়নের নতুন নাম অভিরামপুর, জগন্নাথপুর, আমঝুপি, খেরুয়াপাড়া, হাজীর বাজার, মানকৈর এসেছে। তিনি বুধবার জেলা প্রশাসকের কাছে গণশুনানির রিপোর্ট জমা দেবেন।
এছাড়া দিগন্ত ইউনিয়নের প্রশাসক, নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের শুনানি মঙ্গলবার বেলা ১০টায় মোকামতলার ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এখানে ইউনিয়নের নতুন নাম ভরিয়া, পাকুরতলা, ভরিয়া পাকুরতলা এসেছে।
তিনি আরও বলেন, তার শুনানি পর্যাপ্ত না হওয়ায় দ্বিতীয় দফা গণশুনানির সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বৃহস্পতিবার রহবল উচ্চ বিদ্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। এরপর গণশুনানির রিপোর্ট জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়া হবে।
শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ও অন্যরা জানান, স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক পরিচিতি ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই ইউনিয়নগুলোর নতুন নাম নির্ধারণ করা হবে।