শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মণি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টার দিকে শহরের বেপারীপাড়া হিরন্ময়ী মাঠ সংলগ্ন মহল্লায় এ ঘটনা ঘটে।
মৃত মানহা সিলেটের বাসিন্দা এবং ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। তার নানা মোস্তফা আহমেদ নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নানার সঙ্গে বিদ্যালয়ে যায় মানহা মণি। দুপুরে সেখানে তাকে বাদাম খেতে দেওয়া হয়। একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালিতে আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরে তাকে দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে পথেই তার মৃত্যু হয়।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই শ্বাসনালিতে বাদাম আটকে মৃত্যু হয়েছিল।’