ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় সজীব মাতুব্বর (২৮) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলার একদিন পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ও সদস্যসচিব শাহরিয়ার শিথিলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সজীব মাতুব্বর ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন। তিনি উপজেলার পূর্ব হাসামদিয়া মহল্লার বাসিন্দা।
‘ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্তিকরণ প্রসঙ্গে’ শীর্ষক ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনিবার্য কারণবশত আজ ৩ জুলাই বিলুপ্ত ঘোষণা করা হলো।’
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পূর্বশত্রুতার জেরে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে সুমন শেখ (২০) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় বৃহস্পতিবার মিলন শেখ বাদী হয়ে ছেলেকে হত্যার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে ভাঙ্গা থানায় মামলা করেন। মামলার এক নম্বর আসামি করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা সজীব মাতুব্বরকে। এ ঘটনায় পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে। তবে প্রধান আসামি সজীব এখনও পলাতক।
এদিকে, শুক্রবার বিকালে নিহত সুমনের বাড়িতে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে এবং কবর জিয়ারত করতে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম (বাবুল)। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘মামলা তার নিজস্ব গতিতে চলবে এবং এই মামলায় কেউ কোনও ইন্টারফেয়ার করবে না, করবে না এবং করবে না।’ তিনি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানোর তিন ঘণ্টার মধ্যেই ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্তি করার ঘোষণা আসে।
এসব বিষয়ে বক্তব্য জানতে সজীব মাতুব্বরের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্তির ঘোষণা নিশ্চিত করে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার শিথিল বলেন, ‘এই কমিটির বিরুদ্ধে নানা সময়ে নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। সর্বোপরি এই দলের এক নেতা হত্যা মামলার এক নম্বর আসামি হয়েছেন। এ মামলা যাতে নিরপেক্ষ তদন্ত হতে পারে এবং মামলায় যাতে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ বিস্তারের সুযোগ না ঘটে, এ কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’