সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন পর্যটকরা

পাহাড়ি ঢলে সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির সাজেকে আটকে পড়েছেন পর্যটকরা। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রিসোর্ট মালিক সমিতির সহ-সভাপতি মতিজয় ত্রিপুরা।

মতিজয় ত্রিপুরা বলেন, ‘টানা ভারী বৃষ্টিতে দিঘীনালা-বাঘাইহাট-মাচালং পাহাড়ি ঢলে ডুবে গেছে। এই পথে স্রোত থাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। গত দুই দিনে সাজেকে সব মিলে ৪০০-এর কিছু বেশি পর্যটক ভ্রমণে এসেছিলেন। তারা সবাই নিরাপদে আছে। তবে সড়কে পানি না সরে যাওয়া পর্যন্ত কেউ বের হতে পারবেন না। তাই যারাই সাজেকে আছেন, তাদের শুধু সার্ভিস চার্জ দিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে।’

অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কায় সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।