মেঘনায় তিন নদীর মোহনায় কার্গোসহ ডুবলো ৫০০০ বস্তা ধান-চাল

চাঁদপুরে উত্তাল মেঘনায় তিন নদীর মোহনায় ঘূর্ণি স্রোতে একটি কার্গো উল্টে ডুবে গেলো ৫ হাজার বস্তা ধান ও চাল। বুধবার সকালে চাঁদপুরের পুরানবাজার এলাকায় ত্রিনদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
কার্গোর চালক এরশাদ মাঝি জানান, পাবনা থেকে ৩ হাজার ৫শ বস্তা চাল এবং এক হাজার ৫শ বস্তা ধান নিয়ে পুরানবাজার ঘাটের কাছে আসার পর কার্গোটি ঘূর্ণিতে হেলে পড়ে। এ সময় কার্গোতে থাকা ৫-৬ জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে হেলে পড়া কার্গোটি ডাকাতিয়া নদীর পাড়ে ভেড়ানো হয়।

চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, ডুবে যাওয়া চাল-ধানগুলো পুরানবাজারের ১০-১২ জন ব্যবসায়ীর। এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে পদ্মা-মেঘনা নদী উত্তাল রয়েছে। সকাল থেকে চাঁদপুরে থেমে থেমে বৃষ্টিও হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।