মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে প্রতিবেশির বাড়ির টিনশেডের তালা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আফতাহিরা হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া গ্রামের মামুনুর রশিদ আজাদের ছেলে। মামুনুর রশিদ হিলি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সোমবার সকালে বাড়ির পার্শ্বে খেলাধুলা করার সময় অপহরণকারীরা আফতাহিরাকে নিয়ে যায়।পরে মোবাইল ফোনে তার বাবার কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।সন্তানকে ফিরে পেতে দাবিকৃত অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেন বাবা। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
মোবাইলের সূত্র ধরে পুলিশ প্রতিবেশী আমজাদ হোসেনের ছেলে সামিউলকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তাদের বাড়ির টিনশেড ঘরের তালা থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ ওই বাড়িতে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা অপহরণকারীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও বিক্ষোভ করে। এ ঘটনায় সামিউলের বাবা আমজাদ হোসেনকেও আটক করে পুলিশ।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান,সংবাদ পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
২ সপ্তাহ আগে একই স্থান থেকে অপহরণের সময় এলাকাবাসী ৩ শিশুকে উদ্ধার করে ও ২ অপহরণকারীকে আটক করে পুলিশ সোপর্দ করে।
/এনএস/এমএসএম/