চোরের অবাক কাণ্ড, চুরির পর মাল ফেরতের জন্য লিখে রেখে গেছে বিকাশ নম্বর

কুষ্টিয়ার মিরপুরে একই রাতে একযোগে ৮টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতের কোনও এক সময় মিরপুর পৌরসভা এলাকার টিএনটি সড়ক, জিয়া সড়ক এবং থানা সড়কে এই চুরির ঘটনা ঘটেছে।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো উপড়ে নিয়ে যাওয়ার সময় চোরচক্র একটি করে বিকাশ নম্বর লিখে রেখে গেছে। বিকাশ নম্বরে টাকা দিলেই মিটার ফেরত আসবে এটিও উল্লেখ করা হয়েছে।

চুরি যাওয়া মিটারের মধ্যে টিএনটি রোডের মন্ডল রাইস মিলের দুটি, সত্যেন রাইস মিলের দুটি ও শুকুর রাইস মিলের একটি থ্রি-ফেজ বাণিজ্যিকসহ ৮টি মিটার রয়েছে। 

ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনও এক সময় সংঘবদ্ধ চোর চক্র একে একে ৮টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো নিয়ে যায় এবং সেখানে বিকাশ নম্বর দিয়ে লিখে রেখে যায়।

শনিবার সকালে মিল চালু করতে গিয়ে মালিক ও শ্রমিকরা মিটার চুরির বিষয়টি টের পান। ভুক্তভোগী মিল মালিকরা জানান, মিটার চুরির ফলে মিলের উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এ বিষয়ে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহীদ জানান, এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি, তবে মিটার চুরি হয়েছে শুনেছি। শোনার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করেছি। মিটার উদ্ধার ও চোর ধরতে কাজ চলছে।

এ বিষয়ে কুষ্টিয়ার মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফুল ইসলাম বলেন, রাতে একযোগে ৮টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। মিটার নিয়ে যাওয়ার সময় চোরচক্র একটি করে বিকাশ নাম্বার লিখে রেখে গেছে। তারা বিকাশ নম্বরে টাকা দিলেই মিটারের খোঁজ দেবে জানায়। এর মধ্যে একজন গ্রাহক ৬ হাজার টাকা বিকাশ করে মিটারের খোঁজ পেয়েছেন। বিষয়টি মিরপুর থানা পুলিশকে জানানো হয়েছে।