ইউপি নির্বাচন

মাইজপাড়ায় বিএনপি প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

নড়াইলইউনিয়ন পরিষদ নির্বাচনে নড়াইলের মাইজপাড়ায় সরকার দলীয় সমর্থকদের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মাইজপাড়া ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল বলেন, নির্বাচনী প্রচারকাজে বের হয়ে বাসস্ট্যান্ডে পৌঁছানোর আগেই নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমানের সমর্থকরা তাদের ওপর চড়াও হয় এবং প্রচারকাজে বাধা দেয়। এক পর্যায়ে তার দলীয় নেতারা স্থানীয় এক দোকানে গিয়ে আশ্রয় নেয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী বলেন, এভাবে হাট-বাজারে প্রচারকাজে বাধা দিলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না।
তবে নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান দাবি করেন বিএনপির সমর্থকরা তার নির্বাচনী প্রচারকাজে ব্যবহৃত মাইক বন্ধ করতে বলায় তার সমর্থকরা উত্তেজিত হয়ে এ কাজ করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, ঘটনার পরই মাইজপাড়া বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
/এসএনএইচ/