দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ

দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ১০-১৫ জনের একদল নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর বাধার মুখে শেষ পর্যন্ত তাদের ভারতে ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ)।

রবিবার রাত ৯টার দিকে দাউদপুর সীমান্তের ২৮৯ মেইন পিলার এর ৪৬ নম্বর সাব সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে ১০-১৫ জনের একদল নারী-পুরুষকে সীমান্তে এনে জড়ো করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে বিজিবির সহায়তায় তাদের প্রতিহত করে। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে পুশইনে ব্যর্থ হলে ভোর রাতে তাদের ভারতে সরিয়ে নেয় বিএসএফ।

স্থানীয় এলাকাবাসী আবুল কালাম বলেন, গতকাল রাতে ওরা ১০ থেকে ১৫ জন লোক পুশব্যাক করার জন্য গোবিন্দপুরের বর্ডারে বাংলার সাইডে নিয়ে আসে। তখন আমরা বিষয়টি জানতে পেরে বিজিবিকে খবর দেই। বিজিবি ও গ্রামবাসী সবাই মিলে আমরা পাহারা দেই, তখন ওরা বাধ্য হয়ে তাদের ফেরত নিয়ে গেছে।

স্থানীয় এলাকাবাসী নুরুজ্জামান হোসেন জানান, কাল রাতে হঠাৎ করে আমরা শুনতে পাই, ভারত থেকে লোক পার হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে বিজিবিকে বললাম, বিজিবি সদস্যসহ দেড় থেকে দুইশ’ লোক আমরা এলাকায় পাহারা দেই। আমাদের পাহারা দেওয়ার পর ওরা কয়েকবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ভোরের দিকে ফেরত নিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী সিরাজুল ইসলাম বলেন, ভারত থেকে কয়েজনকে নিয়ে এসে বাংলাদেশে পার করে দেওয়ার চেষ্টা করছে। এ সময় আমরা স্থানীয় জনগণ বিষয়টি টের পাই। পরে আমরা গ্রামবাসী ও বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেই। ওইদিকে বিএসএফ অবস্থান নেয়। বিজিব ও আমাদের গ্রামবাসীর শক্ত অবস্থানের কারণে যেদিক দিয়ে পুশইনের জন্য নিয়ে আসছিল আবারও ওইদিকেই ফেরত নিয়ে গেছে।

স্থানীয় এলাকাবাসী মেহেদুল ইসলাম বলেন, এখন বর্ডারের অবস্থা অনকেটা ভালো আছে। কাল যে লোকগুলা পার করে দেওয়ার জন্য বিএসএফ নিয়ে আসছিল তারা বাংলাদেশে ঢুকতে পারে নাই। ভোরের দিকে তাদের সীমান্ত থেকে গাড়িতে করে উঠিয়ে ওরা ব্যাক নিয়ে গেছে।

বিজিনি দাউদপুর বিজিবি বিওপি কমাণ্ডার নায়েব সুবেদার মাহাবুবুর রহমান জানান, সীমান্ত দিয়ে ১০ থেকে ১৫ জনের একটি দলকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছিল বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। তারা সীমান্ত এলাকা থেকে মানুষজনকে ফেরত নিয়ে গেছে। এ ঘটনায় সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। সেই সঙ্গে তাদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে, পাশাপাশি গ্রাম বাসিও সতর্ক রয়েছে। কোনও অবস্থাতেই ভারত থেকে অবৈধভাবে কোনও মানুষকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।