‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’, সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?

ফেসবুকে নিজের মৃত্যুর জন্য জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদককে দায়ী করে স্ট্যাটাস দেওয়া সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকালে স্বজনেরা তাকে সিলেট থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

আরিফুরের শ্বশুর মহসিন মিয়া জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে নিজের দাফতরিক ফেসবুক পেজে পরপর দুটি পোস্ট দেন আরিফুর। একটিতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে। অন্য পোস্টে তিনি লেখেন, আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।

পোস্ট দুটি ছড়িয়ে পড়ার পর পুলিশ ও সহকর্মীরা তার বাসায় যান। পরে তাকে জামালগঞ্জ থেকে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে শনিবার বিকালে ঢাকায় স্থানান্তর করা হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান বলেন, আরিফুরের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। তার স্বজনদের পাশাপাশি প্রশাসনের লোকজনও হাসপাতালে রয়েছেন। তিনি সুস্থ হয়ে ফিরলে শুক্রবার রাতের ঘটনার কারণ জানা যাবে। আপাতত তার চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জানা গেছে, প্রায় দুই মাস আগে জামালগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন আরিফুর রহমান। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে থাকেন।

এ বিষয়ে জামালগঞ্জের ইউএনও শিল্পী রানী মোদক বলেন, প্রথমে তাকে জানানো হয়েছিল, এসিল্যান্ডের মোবাইল ফোন হ্যাক হয়েছে। পরে আরিফুরের স্ত্রী জানান, ফোন হ্যাক হয়নি; পোস্টগুলো আরিফুর নিজেই দিয়েছেন। পরে তার স্ত্রী পোস্টগুলো মুছে ফেলেন।

ফেসবুক পোস্টে নিজের নাম উল্লেখের কারণ সম্পর্কে ইউএনও বলেন, বিষয়টি তার কাছেও স্পষ্ট নয়। পোস্ট দেওয়ার ছয় মিনিট আগেও আরিফুর তার বাসায় ছিলেন।

আরিফুর সুস্থ হয়ে কর্মস্থলে ফিরলে তার সঙ্গে কথা বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানান ইউএনও।