ঘরের দরজা ভেঙে হাত বাঁধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বরগুনার আমতলীতে নিজ বসতঘরের দরজা ভেঙে তুহিন মুন্সি (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দুই হাত রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তুহিন। তিনি মাদকাসক্ত ছিলেন বলে স্বজনরা নিখোঁজ হওয়ার পর তেমন খোঁজ করেননি। তবে দুই দিনেও তার কোনও সন্ধান না পেয়ে বাবা অলী উল্লাহ মুন্সি ঘরের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে তাকান। এ সময় ঘরের আড়ার সঙ্গে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন।

আমতলী থানার ওসি ইয়াকুব হোসাইন বলেন, নিজ ঘর থেকে তুহিন মুন্সির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার দুই হাত একটি রশি দিয়ে পেঁচানো ছিল। এ ছাড়া ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য রবিবার সকালে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।