এমপিওভুক্তির দাবিতে জেলায় জেলায় শিক্ষকদের মানববন্ধন

দেশের বিভিন্ন জেলায় বেসরকারি স্কুলগুলোয় সরকারি সহায়তা হিসেবে মাসিক পে-অর্ডার (এমপিও) বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। সোমবার (২৫ এপ্রিল) সকালে জেলায় জেলায় নন-এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

ভোলায় সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন-এর ব্যানারে কর্মসূচি পালন করা হয়। পরে ভোলা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

ঝিনাইদহে এমপিও ভুক্তিকরণের দাবিতে মানবন্ধন করেছে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। সোমবার সকালে ঝিনাইদহ শহরের পোস্টঅফিস মোড়ে এ মানবন্ধনের আয়োজন করা হয়। প্রায় এক ঘণ্টার এ মানবন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মহিউদ্দিন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, প্রভাষক কামাল উদ্দিন, শওকত হোসেন, প্রভাষক এম আক্তার মুকুল, আনিসুজ্জামানসহ অন্যানোরা।

কুড়িগ্রামে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

এ সময় বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

নওগাঁয় বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সোমবার বেলা ১১টা থেকে শহরের মুক্তির মোড় প্রধান সড়কের পাশে ঘণ্টাব্যাপী নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের ডাকে মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ফেডারেশনের নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ময়নুল হাসান, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।

নীলফামারীতে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনের সড়কে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলা কালে এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তৃতা দেন জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সদর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।

আরও পড়ুন: নরসিংদীসেই আ. লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের

সিরাজগঞ্জে এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। সোমবার সকাল ১০ টায় শহরের চৌরাস্তার মোড় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধননে জেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, শিক্ষক নেতা মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, রুবা খাতুন, রাজিয়া সুলতানা প্রমুখ।

মানববন্ধন শেষে শিক্ষকরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করে জেলা কালেক্টরেট ভবনের সামনে আবারও সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

কুড়িগ্রামে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি ও যোগদানের তারিখ হতে চাকরির বয়স গণনার দাবিতে মানববন্ধন করেছে নন এমপিওভুক্ত কলেজ শিক্ষকরা। সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার স্বীকৃতিপ্রাপ্ত কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান ফারুক, এরশাদুল হক খান, মমিনুল ইসলাম, অব্দুর রাজ্জাক রানা প্রমুখ।

বক্তারা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত হয়েও এমপিও ভুক্তি না পেয়ে দীর্ঘ ১০/১৫ বছর যাবৎ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবন যাপন করে আসছেন।

মাগুরায় এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরির সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আশরাফুল হক লাবলু প্রমুখ।

আশরাফুল হক লাবলু তার বক্তব্যে বলেন, সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার প্রধানমন্ত্রীর ঘোষণাটি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়িত না হলে ১১ মে দেশের সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ঢাকায় মহাসমাবেশ করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেই মহাসমাবেশ থেকে কেউ ঘরে ফিরবে না। পরে একই দাবিতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব উল ফেরদৌসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

গাইবান্ধায় স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবীতে গতকাল সোমবার গাইবান্ধায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে গাইবান্ধার সাত উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী অংশ নেন।

ঝালকাঠিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত করণের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে।  সোমবার সকাল ১০ টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে শতাধিক শিক্ষক-কর্মচারী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলে এর বেসরকারি শিক্ষক-কর্মচারীরাও  বেতনের একটি অংশ সরকারের কাছ থেকে পেয়ে থাকেন।

/টিএন/এইচকে/