বাঁশখালীতে ফের শুরু বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলন

বাঁশখালীতে সমাবেশ, ফাইল ছবি১৫ দিনের স্থগিত শেষে বাঁশখালীতে ফের শুরু হয়েছে বিদ্যুৎকেন্দ্রবিরোধী কর্মসূচি। মঙ্গলবার বিকেলে ‘বসতভিটা ও গোরস্থান’ রক্ষা কমিটির উদ্যোগে পশ্চিম গণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৫ দিন পর অনুষ্ঠিত ‘কয়লা বিদ্যুৎকেন্দ্রবিরোধী’ সমাবেশটি উত্তেজনা নিয়ে শুরু হলেও কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যরা অংশ নেন। সমাবেশে কয়েকহাজার গ্রামবাসী অংশ নিলেও সমাবেশ থেকে নতুন কোনও কর্মসূচি ঘোষণা করা হয়নি।
সমাবেশে ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটি’র আহ্বায়ক লিয়াকত আলী বলেন, বাঁশখালীর অধিবাসীরা যেকোনও মূল্যে বিদ্যুৎকেন্দ্র প্রতিহতে প্রস্তুত রয়েছেন। সরকার পরিবেশ ও জনজীবনের ক্ষতি করে এখানে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে পারবে না। আমরা এখানে কোনও কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে দেব না।

জাতীয় কমিটির হাসান মারুফ রুমী বলেন, কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিবেশের ব্যাপক ক্ষতি করে। ব্যাপক ক্ষতি বিবেচনায় বর্তমানে ভারত, চীন এই ধরণের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করে দিচ্ছে। এ রকম জনবহুল এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে তা ভয়াবহ ক্ষতির কারণ হবে।

আরও পড়তে পারেন: কওমি আলেমসরকারের সঙ্গে কওমি আলেমদের সৌহার্দ্য বাড়ছে

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য মাহবুব সুমন, স্থানীয় অধিবাসী জাকের আহমেদ, আবু আহমেদ এবং আবুল হোসাইন আবুসহ প্রমুখ।

এর আগে গত ৯ এপ্রিল বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রবিরোধী সব রকমের কর্মসূচি স্থগিত করেছিল স্থানীয় গ্রামবাসীদের ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটি’। তখন ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটি’র আহ্বায়ক লিয়াকত আলী জানিয়েছিলেন, সরকারের আশ্বাসের ফলে আমরা বিদ্যুৎকেন্দ্রবিরোধী সব কর্মসূচি ১৫ দিনের জন্য স্থগিত করেছি। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে আবারও আন্দোলন শুরু হবে।

 /এমও/এমএনএইচ/