পিরোজপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

কারাগারযুবলীগ নেতা জসিম উদ্দিন পলাশ হত্যা মামলায় জামিন পাননি পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার জলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশীষ কুমার বড়াল। বৃহস্পতিবার পিরোজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিনের প্রার্থনা জানালে বিচারক কামরুল হাসান  আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
জলাবাড়ী ইউনিয়নের যুবলীগ নেতা জসিম উদ্দিন পলাশ হত্যা মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত তিনি।
মামলার বিবরণ থেকে জানা যায়, জসিম উদ্দিন পলাশ ১৬ এপ্রিল সকাল সাড়ে নয়টার  জলাবাড়ি ইউনিয়নের পূর্ব জলাবাড়ি এলাকায় গেলে দুই যুবক তাকে ডেকে নিয়ে চেয়ারম্যান আশীষ  কুমার বড়ালের উপস্থিতিতে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত জসিমের ছোট ভাই আলাউদ্দিন বাদী হয়ে পরদিন স্বরূপকাঠী থানায় আশীষ কুমার বড়ালকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

২৭ এপ্রিল থেকে আশীষ কুমার বড়াল হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার পিরোজপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন চান। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৫ মে আশীষ কুমার বড়াল চেয়ারম্যান হিসেবে শপথ নেন। দণ্ডপ্রাপ্ত এই চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জলাবাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করেন।

/এইচকে/টিএন/আপ-এআর/