মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় রুহুল আমিন (৪২) নামে এক ভুয়া চক্ষু চিকিৎসকের এক বছরের  কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার  দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফরিদ উদ্দিন এই দণ্ডাদেশ দেন। আসামি রুহুল আমিনের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলার গোলাঘাট গ্রামে।

ভুয়া চিকিৎসক রুহুল আমিন পুলিশের সঙ্গে

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জানান, রুহুল আমিন দীর্ঘদিন ধরে নিজেকে চক্ষু বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। মঠবাড়িয়া পৌরশহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নিউ মার্কেট সড়কের একটি ভাড়া ঘরে তার চেম্বার ছিল। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে রবিবার সকালে রুহুল আমিনকে তার চেম্বারে আটক করে পুলিশে খবর দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন জানান, রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে রুহুল আমিনকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর (১) (৩) ধারা অনুযায়ী এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার বশির আহমেদ জানান, এমবিবিএস পাসের পর চোখের ওপর বিশেষজ্ঞ ডিগ্রি বা ট্রেনিং না থাকলে চোখের চিকিৎসা দে‌ওয়া যায় না। রুহুল আমিন পল্লী চিকিৎসকের সার্টিফিকেট নিয়ে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা দিয়ে আসছিলেন, যা সম্পূর্ণ বিধিবহির্ভূত ও অন্যায়।

আরও পড়ুন: বরিশালে অনুমোদনহীন কোম্পানির ওষুধ জব্দ

/জেবি/টিএন/এইচকে/