রবিবার রাতে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই রিয়াজুল ইসলাম ।
এদিকে, হত্যার সঙ্গে জড়িত থাকায় মামলার আসামি যুবলীগ নেতা মেহেদী (৩৫)কে রবিবার রাত সাড়ে ১০ টায় ঢাকাগামী কালাম খান-১ লঞ্চ থেকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বিএমপি পুলিশের মুখপাত্র ও ডিবির সিনিয়র সহকারী কমিশনার (এসি) আবু সাঈদ জানান, হত্যার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত মেহেদীকে সোমবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে হত্যার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে পুলিশের ধারণা। তাই পরে রিমান্ডের আবেদন করা হতে পারে বলে সহকারী কমিশনার (এসি) আবু সাঈদ জানান।
কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, নিহত ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজার ভাই রিয়াজুল ইসলাম বাদী হয়ে রবিবার রাতে কোতোয়ালী থানায় নামধারী ১৪ জন ও অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৫৩/১৬।
মামলায় নাম-ধরা আসামি করা হয় মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী সাইদুর রহমান, জাহিদ, মেহেদী , রাকিব, রাজিব, রুহুল, কনক, রিয়াজ, বেলাল, জিতু, ফয়সাল, মুসা, মো. ফয়সাল এবং আরও বেশ কয়েকজন বেনামী যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীকে।
পুলিশ জানান, রবিবার রাতে মামলা দায়েরের পরপরই পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে হত্যার সঙ্গে জড়িত মেহেদী লঞ্চযোগে পালিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করছে। শুক্রবার রাতে হত্যার ঘটনার পর থেকে মেহেদী পলাতক ছিলো।
এ খবর পেয়ে কোতোয়ালী থানার এসআই দেলোয়ার ও আবু তাহের পুলিশের একটি টিম স্পিড বোট নিয়ে কীর্তনখোলা নদীর চরমোনাই মোর সংলগ্ন এলাকায় লঞ্চ থামিয়ে লঞ্চে মোতায়েন আনসার সদস্যদের সহায়তায় মেহেদীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, অভ্যন্তরীণ কোন্দলের জেরে বৃহস্পতিবার রাতে সরকারি পলিটেকনিক কলেজের ক্যাম্পাসের প্রবেশ মুখে জেলা ছাত্রলীগ সম্পাদক আবদুর রাজ্জাক সমর্থক রেজাউল করিম রেজা, ফাহিম হোসেন, মেহেদি হাসান ও পূর্ণসহ আটজনের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালায় প্রতিদ্বন্দ্বী মহানগর ছাত্রলীগ সভাপতি জসীমউদ্দীন সমর্থক গ্রুপ।
পরে হামলার ভিক্টিমদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রেজাউল করিম রেজা হাসপাতালে মারা যান।
আহত ফাহিম হোসেন ও মেহেদি হাসানকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে রাতে ঢাকা পাঠানো হয়।
আরও পড়ুন: যশোরে স্কুলছাত্রের ব্যাগে থাকা ককটেলের বিস্ফোরণ
/এইচকে/আপ-এআর/