বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে যোগাযোগ ব্যাহত

Barisal Photo -Direct road Communication disrupted as bridge collapsed by hit of cargo at Kalaskathi under Bakerganj upazila of Barisalবরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠীতে বালুবাহী নৌ-যান বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে গেছে। ফলে ছয় গ্রামের মানুষের সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

কলসকাঠী বাজারের ব্যবসায়ী আবুল বাশার জানান, উপজেলার অন্যতম বাণিজ্যকেন্দ্র কলসকাঠী বাজারের পূর্ব পাশের খালের ওপর লোহার ব্রিজের সঙ্গে শুক্রবার বেলা ১১টার দিকে সোনারতরী নামে বালুবাহী বাল্কহেডের ধাক্কা লাগে। এতে ব্রিজটি মাঝ খান থেকে ভেঙে নিচে পড়ে যায়। এরপর থেকেই বাগদিয়া গ্রামের সঙ্গে কলসকাঠী বাজারের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, এর ফলে শুধু বাগদিয়া নয় তিনটি ইউনিয়নের নলুয়া, লক্ষ্মীপাশা, কবাই, ঢাপরকাঠি, কোচনগর, দুধল গ্রামের সঙ্গে কলসকাঠী বাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফলে বিকল্পভাবে নৌ-যানের মাধ্যমে তারা খালটি পারাপার হচ্ছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই হানিফ স্থানীয়দের বরাত দিয়ে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাল্কহেডের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্রিজের সঙ্গে ধাক্কা লাগলে ব্রিজটি ভেঙে যায়। বর্তমানে বাল্কহেডটি ওই স্থানে আছে। তবে বাল্কহেডে থাকা সবাই পালিয়ে গেছে।

তিনি জানান, ব্রিজের ভাঙা অংশ অপসারণ না করে বাল্কহেডটি সরানো যাবে না। সাধারণ মানুষ নৌকার মাধ্যমে পারাপার শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন:
ওভারটেকিং করতে চেয়েছিলেন চালকরা: পুলিশ

/বিটি/