যৌতুক দাবিতে স্ত্রীর মাথা মুড়িয়ে দেওয়া হলো

বরিশালবরিশালের গৌরনদীতে যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন চালিয়ে মাথা মুড়িয়ে দেওয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার নির্যাতিতা গৃহবধূ ফাতেমা আক্তার বাদী হয়ে স্বামী শাহীন আকন ও শাশুড়ি শামসুন্নাহার বেগমকে আসামি করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক শিহাবুল ইসলাম মামলাটি আমলে নিয়ে স্বামী শাহিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং শাশুড়ির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী আতিকুর রহমান জুয়েল মামলার বরাত দিয়ে জানান, চলতি বছরে ১০ জানুয়ারি গৌরনদীর বাহাদুরপুরের ফারুক সিকদারের মেয়ে ফাতেমার সঙ্গে অধুনা গ্রামের শাহজাহানের ছেলে শাহীনের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকে ফাতেমার কাছে বিদেশ যাওয়ার নামে লাখ টাকা যৌতুক চান স্বামী ও তার পরিবার।
কিন্তু টাকা দিতে অপারগতা জানালে ৮ মে স্বামী ও শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকজন ফাতেমার মুখ বেঁধে নির্যাতন চালায় এবং মাথা মুড়িয়ে দেয়।

খবর পেয়ে গৃহবধূর বাবার বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংমা করার চেষ্টার পর ব্যর্থ হলে বৃহস্পতিবার মামলাটি দায়ের করা হয়।

আরও পড়ুন: শাশুড়ি জামাই মিলে গলায় ছুরি চালায় রেবার

/এআর/এইচকে/