ভোলায় নদী ভাঙন রোধের কাজ দ্রুত শেষ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদভোলায় নদী ভাঙন রোধে চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার বিকেলে ভোলা শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে পাউবো কর্মকর্তা ও ঠিকাদারদের তিনি এ নির্দেশ দেন। এসময় ‘উন্নয়ন কাজে কোনও ধরনের অনিয়ম সহ্য করা হবেনা’ বলে মন্তব্য করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলায় কোনও ধরনের টেন্ডারবাজি চলবেনা। কয়েকজন ঠিকাদার মিলে সিন্ডিকেট করে সাধারণ ঠিকাদারদের বঞ্চিত করবে তা হতে দেওয়া হবে না। এখন থেকে সকল টেন্ডার প্রক্রিয়া সকলের জন্য উম্মুক্ত থাকবে।
তিনি আরও বলেন, ভোলায় বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে। অচিরেই ভোলা-বরিশাল ব্রিজসহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের নির্মাণ কাজ শুরু হবে। এছাড়া আরও বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা রয়েছে সরকারের। যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মো. মনিরুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন, ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার ও কয়েকজন ঠিকাদার।

আরও পড়ুন: একটি পক্ষ সরকার হটানোর জন্য চোরাগোপ্তা হামলা চালাচ্ছে: সেতুমন্ত্রী

/এসএনএইচ/এইচকে/আপ-এআর/