বরিশালে বিআইডব্লিউটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস ৩০ জুন থেকে

লঞ্চআসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আগামী ৩০ জুন থেকে স্পেশাল সার্ভিস শুরু করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সরকারি এই সংস্থার ৫টি জাহাজ নিয়ে ১০ জুলাই পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে। এছাড়া আগামী ৩ জুলাই ১৯টি লঞ্চের মাধ্যমে বেসরকারি লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থা বিশেষ সার্ভিস শুরু করার কথা রয়েছে।

বরিশাল বিআইডব্লিউটিসি’র সহকারী মহা-ব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদের বরাত দিয়ে বাসস জানায়, ঈদে ঘরে ফেরা মানুষদের যাত্রী সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার সংস্থার নিয়মিত ৫টি জাহাজ যাত্রী পারাপারে নিয়োজিত থাকবে। এগুলো হলো- পিএস মাহসুদ, অস্ট্রিচ, লেপচা, এমভি মধুমতি ও বাঙালী। এসব জাহাজ বরিশাল-ঢাকা-চাঁদপুর, ঝালকাঠী, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে। আগামী ১০ জুলাই পর্যন্ত বিশেষ এই সেবা চলবে।

আবুল কালাম আজাদ আরও বলেন, ঘরমুখো যাত্রীদের ভোগান্তি লাঘবে জাহাজের ৫০ ভাগ টিকেট এবার অনলাইনে দেওয়া হয়েছে। ভাড়া না বাড়িয়ে আগের মতোই রাখা হয়েছে। এছাড়া আভ্যন্তরীণ নৌ-রুটে বিআইডব্লিউটিসি’র সি-ট্রাক খিজির-৮ ও খিজির-৫ নিয়মিত চলাচল করবে। ১০ জুলাই পর্যন্ত বিশেষ সার্ভিস চালু থাকার কথা থাকলেও যাত্রীদের চাপ বেশি থাকলে তা বাড়ানো হতে পারে বলে জানান বিআইডব্লিউটিসি’র এই কর্মকর্তা।

অন্যদিকে বেসরকারি লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ যাত্রী পরিবহণ সংস্থা আগামী ৩ জুলাই থেকে বরিশাল-ঢাকাসহ অভ্যন্তরীণ ২৮টি রুটে ঈদের বিশেষ লঞ্চ সার্ভিসের যাত্রী সেবা শুরু করবে। বরিশাল-ঢাকা নৌ রুটে এবার দিবা সার্ভিস গ্রিন লাইনসহ মোট ১৯টি লঞ্চ যাত্রী পারাপার করবে। বিশেষ এই সেবা চলবে ঈদের সাতদিন পর্যন্ত। এছাড়া প্রথম শ্রেণির (কেবিন) টিকেট আগামী ২৬জুন থেকে বিক্রি শুরু হবে।

যারা এর আগে টিকেটের জন্য আবেদন করেছেন তাদের টিকেট লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ পরিবর্তন
ফতোয়া স্বয়ংসম্পূর্ণ হতে হবে: জুনায়েদ বাবুনগরী

/এফএস/