বরিশালে অপরিশোধিত জ্বালানি তেল বোঝাই ট্রাকসহ গ্রেফতার ৩





গ্রেফতারের প্রতীকী ছবিবরিশাল-ঢাকা মহাসড়ক থেকে ১০টি ব্যারেলে ২ হাজার লিটার অপরিশোধিত জ্বালানি তেল বোঝাই ট্রাকসহ তিন চোরাকারবারীকে গ্রেফতার করেছে আমর্ড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)। মঙ্গলবার রাত ১২ টায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর পশ্চিম মঠপাড়া এলাকার মো. সোলায়মান হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (২৬), পালং শৌল পাড়া গয়ঘর এলাকার জলিল বাঘার ছেলে রাসেল বাঘা (২৩) ও একই এলাকার জয়নাল বাঘার ছেলে ইমান হোসেন (২৪)।
এপিবিএন-এর এএসআই মো. মাহবুব জানান, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারেন শরিয়তপুর থেকে একটি ট্রাকে অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে বরিশাল নগরীর উদ্দেশে রওনা হয়েছে পাচারকারীরা। এমন খবরে এপিবিএন-এর এএসপি আবুল বাশারের নেতৃত্বে একটি দল বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুন হাট এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। ব্যারেল বোঝাই ওই ট্রাক এলে আটক করা হয়।
এ ঘটনায় এপিবিএন-এর এসআই আসাদুজ্জামান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করেন।
/এমএনএইচ/