ভোলার তেঁতুলিয়া নদীতে কার্গো জাহাজ ডুবি

কার্গোডুবিভোলার বোরহানউদ্দিন উপজেলাধীন তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে একটি মালবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। রবিবার (২১ আগষ্ট) নারায়ণগঞ্জ থেকে ভোলার বোরহানউদ্দিনে আসার পথে ‘এমভি বাহাদুর’ নামে কার্গো জাহাজটি দুই হাজার ৮০ ব্যাগ আকিজ সিমেন্ট নিয়ে তেঁতুলিয়া নদীর পাতার চর এলাকায় ডুবে যায়। এ সময় চরে অবস্থানকারী জেলেরা জাহাজের সারেং সাইদ, তার সহযোগী আসাদ এবং শহিদকে উদ্ধার করে।
আকিজ সিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া বোরহানউদ্দিন থানা পুলিশও ঘটনাস্থল নির্ণয়ের চেষ্টা  চালাচ্ছে।
জাহাজের সারেং সাইদ জানান, রবিবার দিবাগত রাতে তেঁতুলিয়া নদীর মধ্যে হঠাৎ বৃষ্টিসহ ঝড়ো বাতাসে জাহাজটি কাত হয়ে পানিতে ডুবে যায়। তিনি ও তার দুই সহযোগী ওই সময় নদীতে ঝাঁপ দেন।

আকিজ সিমেন্টের ভোলা জেলার পরিবেশক মাইনুল হক জানান, জাহাজটি নারায়ণগঞ্জ থেকে তার ইনভয়েস করা এক হাজার ৩৫২ ব্যাগ পিসিসি (পোর্টল্যান্ড কমপোজিট সিমেন্ট) এবং ৭২৮ ব্যাগ ওপিএস (অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট) নিয়ে বোরহানউদ্দিনের দিকে আসছিল। কিন্তু তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে সিমেন্টসহ জাহাজটি নদীতে তলিয়ে যায়। এতে তার আট লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আকিজ সিমেন্টের বরিশাল এরিয়া ইনচার্জ সাইফুল আলম জানান, সোমবার বিকাল পর্যন্ত ডুবুরি এনে এমভি বাহাদুরের অবস্থান নির্ণয় করে তা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) অসিম কুমার শিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই স্থান বোরহানউদ্দিনের মধ্যে হলে পুলিশ অবিলম্বে আইনি ব্যবস্থা নেবে।

আরও পড়ুন: নতুন ফল ড্রাগন 

/এআর/