এ ঘটনায় রবিবার অধ্যক্ষের অপসারণ দাবিতে কলেজে তালা ঝুঁলিয়ে দিয়ে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
ছাত্র নয়ন শীলের বাবা মাধবপাশা গ্রামের হতদরিদ্র শ্রমিক সুভাষ শীল জানান, মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ প্রণব কুমার বেপারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রদের বেতনসহ প্রাক নির্বাচনি পরীক্ষার ফি ধরেন ৩ হাজার ৫০ টাকা।
কলেজের মেধাবী ছাত্র নয়ন শীল ধারদেনা করে ১ হাজার ৮০০ টাকা পরিশোধ করলেও বাকি ১ হাজার ২৫০ টাকা দিতে ব্যর্থ হয়।
এতে অধ্যক্ষ প্রণব কুমার বেপারি তার পরীক্ষা বন্ধ করে দিলে শনিবার সে স্থানীয় ইউপি সদস্য মানিক তালুকদারের কাছ থেকে আরও ৫০০ টাকা নিয়ে পরীক্ষায় অংশ নিতে যায়।
এসময় সম্পূর্ণ টাকা পরিশোধ না করলে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন অধ্যক্ষ।
নিরুপায় নয়ন শীল তার বাকি ৭৫০ টাকা শোধ করার অঙ্গীকার করে পায়ে ধরলেও মন গলেনি অধ্যক্ষ প্রণব বেপারির। এদিকে, পরীক্ষা শুরু হয়ে গেলে উপায়ান্তর না-পেয়ে নয়ন শীল পরীক্ষায় অংশ নিতে হলে ঢুকে পড়ে।
এতে ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ প্রণব বেপারি তাকে চড়-থাপ্পড় মারতে মারতে টেনেহিঁচড়ে পরীক্ষার হল থেকে বের করে আনেন ও সহপাঠিদের সামনেই তাকে কলেজের গেট দিয়ে বাইরে বের করে দেন। পরে অপমানের জ্বালা সইতে না পেরে বাড়ির পার্শ্ববর্তী আমগাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নয়ন।
এসময় দূর থেকে এক কিশোরী ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার দিলে স্থানীয়রা এসে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
এদিকে এ খবর ছড়িলে পড়লে তার সহপাঠিসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ঘটনার প্রতিবাদে রবিবার ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রতিষ্ঠানের প্রধান গেটে তালা ঝুঁলিয়ে দেয়।
এসময় উত্তেজিত শিক্ষার্থীরা অধ্যক্ষ প্রণব বেপারির অপসারণ দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে মাধবপাশা বাজার প্রদক্ষিণ করে।
এক পর্যায়ে তারা বরিশাল-বানারীপাড়া সড়ক অবরোধ করে মিছিল সমাবেশ করলে রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
পরে বিমানবন্দর থানা পুলিশ ও স্থানীয় মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার অভিযুক্ত অধ্যক্ষের বিচার ও আগামী ৭ সেপ্টেম্বর গভর্নিং বডির বৈঠক ডেকে তাকে অপসারণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
ঘটনার পর থেকে অভিযুক্ত অধ্যক্ষ প্রণব কুমার বেপারি পলাতক রয়েছেন।
মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার জানান, অধ্যক্ষ প্রণব বেপারি এর আগেও বকেয়া টাকা আদায়সহ নানা কারণে একাধিকবার ছাত্রকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ।
মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেন মন্টু তালুকদার বলেন, অভিযুক্ত অধ্যক্ষের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী ৭ সেপ্টেম্বর গভর্নিং বডির বৈঠক ডাকা হয়েছে।
/এমএসএম/আপ-এআর/