বরগুনার আমতলী উপজেলার গরু ব্যবসায়ী নয়া মিয়া হত্যা মামলায় চারজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্য একটি ধারায় প্রত্যেক আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়ার জজ আদালতের বিচারক মুহাম্মাদ আবু তাহের এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মো. শহিদুল চৌকিদার, বারেক চৌকিদার, বশির মাতুব্বর ও মোয়াজ্জেম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন আ. রব চৌকিদার ও মজিবর। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামালা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১০ এপ্রিল আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের গরু ব্যবসায়ী নয়া মিয়া ৭০ হাজার টাকা নিয়ে কলাপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে আসামিরা তাকে জোর করে শহিদুল চৌকিদারের বাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় তারা পাটা দিয়ে আঘাত করে নয়া মিয়ার কোমরের নিচের দিকের অংশ থেতলে দেয়। খবর পেয়ে নয়া মিয়ার পরিবারের লোকজন, ইউপি সদস্য ও স্থানীয়রা শহিদুল চৌকিদারের বাড়ি থেকে তাকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নয়া মিয়া। এ ঘটনায় নয়া মিয়ার ছেলে মো. নাসির বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইজীবী (এপিপি) অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর বলেন,‘ আমার এই মামলায় মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করেছি। যুক্তিতর্ক শেষে আদালত চারজনকে ফাঁসি ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্য একটি ধারায় প্রত্যেকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
মামলার আসামিপক্ষের আইজীবী অ্যাডভোকেট কমল কান্তি দাস বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট নই। তাই উচ্চ আদালতে আপিল করবো।’
আরও পড়ুন:
মানিকগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা
/বিটি/