পিরোজপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

পিরোজপুরপিরোজপুর শহরের মাছিমপুর এলাকায় খাদিজা বেগম (২৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে  স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ওই ঘটনার পর থেকে স্বামী হাফিজুর পলাতক। সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাছিমপুরের ধোপাবাড়ি সড়কের একটি বাসায় হাফিজুর ও তার স্ত্রী ভাড়া থাকতেন। তাদের বাড়ি সদর উপজেলার দূর্গাপুর গ্রামে।

পিরোজপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল ওয়ারেস জানান,  রাতে হাফিজুর তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে বাসা থেকে চলে যান। পরে তার এক বন্ধুকে মোবাইলে জানান তার স্ত্রী খাদিজা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বন্ধুটি  থানা পুলিশকে জানালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাসুমুর রহমান বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাসায় গিয়ে বিছানায় শোয়ানো অবস্থায় খাদিজার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সহকারী পুলিশ সুপার বলেন, গলায় ফাঁস লাগানোর কোনও আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদিজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন:
রামেকের নতুন ভবনে রডের বদলে বাঁশ!

/বিটি/