বরিশালে ৫ ইটভাটায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা



ভ্রাম্যমাণ আদালতবরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ইটভাটাকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদফতরের পরিচালক নজরুল ইসলাম বলেন, সোমবার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার এবং রেজাউল করিমের পরিচালনায় বাকেরগঞ্জের কলসকাঠীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া ইটভাটায় কার্যক্রম পরিচালনা এবং জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানোর অপরাধে মেসার্স পদ্মা ব্রিকসকে ৮০ হাজার টাকা, মেসার্স বলাকা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স নিউ মডার্ন ব্রিকসকে ৮০ হাজার টাকা, মেসার্স ওয়ান স্টার ব্রিকসকে ৮০ হাজার টাকা এবং নিপা স্টার ব্রিকসকে দেড় লাখ টাকা করে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. তোতা মিয়া।

/এআর/