ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

ভোলা সদর হাসপাতালভোলা সদর হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পুশ করায় মঙ্গলবার সন্ধ্যায়  নুপুর নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মধ্য রতনপুর গ্রামের মো. শাজাহানের মেয়ে ভোলা  পৌর উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী নুপুর ডায়রিয়ায় আক্রান্ত হলে মঙ্গলবার  (২৭ ডিসেম্বর) বিকাল ৫ টায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  হাসপাতালের নার্স সন্ধ্যা ৭টার দিকে  নুপুরকে একটি ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর সে মারা যায়।  মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন বা ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা খবর শুনে হাসপাতালে  জড়ো হলে অভিযুক্ত চিকিৎসক ডা. সুমাইয়া আখতার ও নার্স পালিয়ে যান। এ ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোলার সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ রায় জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

/বিটি/