পটুয়াখালীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

Patualhali Istama Pic-05পটুয়াখালীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোলা মার্কাস মসজিদের সুরা সদস্য মাওলানা তৈয়বুর রহমানের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক সূচনা হয়।

শহরের বাধঘাট বাজারস্থ মার্কাস মসজিদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পাশে কৃষি বিমান অবতরণ কেন্দ্রে এ জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

ইজমেতা আয়োজকরা জানান, প্রায় ছয় লাখ স্কয়ার ফিট এলাকা জুড়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। ইজতেমা ময়দানে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও বিদেশি মুসল্লিসহ অন্তত দুই থেকে আড়াই লাখ মুসুল্লি এতে অংশগ্রহণ করছেন।

ইজতেমাকে ঘিরে মাঠের চার দিকের পুকুরে মুসল্লিদের অজু ও গোসলের জন্য ঘাটলা নির্মাণ করা হয়েছে। বিশুদ্ধ খাবার পানির জন্য অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে ৪০টি পানির ট্যাঙ্ক। এছাড়াও ইজতেমা মাঠের উত্তর ও দক্ষিণ পাশে প্রয়োজনীয় সংখ্যক টয়লেট নির্মাণ করা হয়েছে।

/এআর/