বুধবার বিকাল থেকে এখন পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে দোতলা লঞ্চে কুয়াকাটায় আগত পর্যটকসহ সাধারন যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। তবে বরিশাল মালিক সমিতির বাস ও দূরপাল্লার পরিবহন চলাচল করছে।
জানা যায়, বুধবার বিকালে মালিক সমিতির কতিপয় নেতারা শ্রমিক সংগঠনের নেতাদের ওপর হামলা ও মারধর করে। এ বিষয়ে বাস মালিক নেতাদের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেন শ্রমিক নেতারা। মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া হলে ধর্মঘট চলবে বলেও হুমকি দেন শ্রমিক নেতারা।
বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা তাকে ও তার সাধারণ সম্পাদককে মারধর করেছে। মারধরের প্রতিবাদ করায় সভাপতি রিয়াজ পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়।
তিনি আরও বলেন, সাধারণ শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভূগছেন। তাই এর বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা বলেন, বাস ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর স্থানীয় শ্রমিকদের বাস চালাতে বলায় শ্রমিক ইউনিয়নের সভাপতি
মালিক সমিতির কাছে টাকা দাবি করে। এ কারণে শ্রমিকরা বাস চালাতে রাজি হচ্ছে না।
/এআর/