স্থানীয় সাংবাদিক ছালাউদ্দিন জানান, বৃহস্পতিবার হঠাৎ টর্নেডোর আঘাতে মনপুরার হাজির হাট ইউনিয়নের চরযতিন গ্রামের ২নং ওয়ার্ডের আ. গফুর মিয়া,আ. রব, মিজান,সোনারচর গ্রামের রিপন চন্দ্র দাস,কর্তাচন্দ্র দাস এবং ঢালচরের মহিউদ্দিনের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। চরযতিন গ্রামের মহিমা বেগম,হাজেরা বেগম,কর্তাচন্দ্র দাস,লিপস চন্দ্র দস,চরজ্ঞানের রফিকের ঘরের চালের টিন ও টিনের বেড়া উড়ে গেছে। এছাড়া উত্তর চরযতিন জামে মসজিদের চালের টিন উড়ে গেছে। গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ পড়ে অধিকাংশ ঘর নষ্ট হতে দেখা গেছে।
চরযতিন গ্রামের মো. আলাউদ্দিন জানান, আমরা ঘুমিয়ে ছিলাম। বজ্রপাতের শব্দে ঘুম ভেঙে যায়। হঠাৎ দেখি প্রচণ্ড ঝড় বাতাস ছাড়ছে। প্রচণ্ড বাতাসে আমাদের ঘরের সম্পূর্ণ চাল উড়ে গেছে। বৃষ্টিতে আমাদের ঘরের সব মালামাল ভিজে গেছে। আমরা সারারাত ঘরের কোনে বসে কাটিয়েছি। সকালে দেখতে পাই টিনের চালাগুলো পুকুর পাড়ে পড়ে আছে।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার জানান, টর্নেডোর আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। আমি বিষয়টি দেখছি।
এদিকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে চরফ্যাশন উপজেলার শিবা চৌমুহনী এলাকায় হঠাৎ টর্নেডোতে অর্ধশত ঘরবাড়ির ক্ষতি হয়েছে। প্রচুর গাছপালা উপরে পড়েছে। চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
/বিএল/