সোমবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বরিশালে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠু।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে সব রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মাঝ নদীতে থাকা নৌযান গুলোকে বিশেষ সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।
এদিকে হঠাৎ করে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করায় ঘাটে অপেক্ষমান ঢাকাগামী ৫টি ত্রিতল লঞ্চের প্রায় ১০ হাজার যাত্রী চরম বিপাকে পড়েছেন।
ঢাকাগামী সুরভী লঞ্চের যাত্রী আহসানউল্লাহ জানান, আবহাওয়ার অবস্থা দেখে আগেই নৌ-চলাচল বন্ধের সিদ্ধান্ত নিলে যাত্রীদের এ ভোগান্তি হতো না।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, বর্তমানে বরিশাল নগরী ও আশপাশের এলাকায় মেঘলা আবহাওয়া বিরাজ করছে। সারাদিন বৃষ্টি হয়েছে। রাতে বরিশালের ওপর দিয়ে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি সোমবার বেলা ১২টায় স্থল নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের সীমানায় অবস্থান করছিল। এর প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এমন শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে নিম্নচাপের কারণে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে।
/এআর/