স্মার্টকার্ডে জেলার নামের বানান নিয়ে বিভ্রান্তিতে বরিশালবাসী

Barisal--Photo--Confussion-created-about-spelling-of-the-district-name-in-Smart-NID-(2)বরিশাল সিটি করপোরেশন এলাকায় বিতরণ করা উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ডে ইংরেজিতে জেলার নাম ‘বরিশাল’ এর বানান নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন সদ্য পাওয়া স্মার্টকার্ডধারীরা। স্মার্টকার্ডে ‘BARISAL’ এর জায়গায় ‘BARISHAL’ লেখা হয়েছে। মূলত জেলার নামে `S’ এর পর বাড়তি `H’ যুক্ত হওয়ায় অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। তবে বাড়তি এ অক্ষরের ঝামেলা সব স্মার্টকার্ডধারীর ক্ষেত্রে ঘটেনি বলে জানিয়েছেন বরিশালের নির্বাচন অফিসের কর্মকর্তারা।
এ প্রসঙ্গে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম খান জানান, বরিশালে আগামী ১২ জুলাইয়ের মধ্যে ২ লাখ ১৭ হাজার স্মার্টকার্ড বিতরণ শেষ হবে। ইংরেজিতে বরিশাল বানান ভুল লেখা তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। ঢাকা থেকেই ভুল বানান লেখা কার্ড পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। এ নিয়ে কী করা যায় তা ভাবা হচ্ছে। তবে এজন্য স্মার্টকার্ডধারীকে কোথাও সমস্যায় পড়তে হবে না।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদি বলেন, ‘বানানে কারও কোনও সমস্যা মনে হলে নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী ২৩০ টাকা ফি দিয়ে ভুল সংশোধনের আবেদন করতে হবে।’
অন্যদিকে এনায়েতুর রহমান নামে বরিশাল নগরের কাউনিয়া এলাকার একজন ভোটার (নং-১৪৬১৩০১৭৩৯) জানান, অনলাইনে বাংলাদেশ সরকারের বরিশাল বিভাগ বা জেলার ওয়েব পেইজ, বরিশাল শিক্ষাবোর্ডের ওয়েব পেইজসহ বরিশালের সব জায়গাতে কাগজে কলমে `BARISAL’ হিসেবে ইংরিজি বানান লেখা রয়েছে। কিন্তু স্মার্টকার্ডে জেলার নাম ইংরেজিতে ‘BARISHAL’ লেখা। এ কার্ড নিয়ে দেশের ভেতরে সমস্যা হওয়ার সম্ভাবনা না থাকলেও দেশের বাইরের কোনও কাজ, ভিসা বা অ্যাম্বাসিতে এ বানান ভুল অনেক বড় একটা ব্যাপার। বিশেষ করে বিদেশ সফরে গেলে পাসপোর্ট ও ভিসায় লেখা ইংরেজিতে বরিশাল বানানের সঙ্গে স্মার্টকার্ডের বানানের অমিল থাকায় সংশ্লিষ্ট দেশে প্রবেশে অনুমতি না পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই জেলার নামের ইংরেজি বানান-ভুল নিয়ে ভোগান্তিতে পড়তে হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

/এআর/