ভোলায় জন্ম নিবন্ধন সনদের জন্য অতিরিক্ত টাকা আদায়

bhola-motbinimoyভোলায় জন্ম নিবন্ধন সনদের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ আগস্ট) ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সদস্য বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের আয়োজনে ভোলা জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ক মতবিনিময় সভায় এ অভিযোগ করা হয়।

সভায় জানানো হয়, ভোটার তালিকা হালনাগাদে প্রতিবন্ধকতা হচ্ছে জন্ম নিবন্ধন সনদের জন্য অতিরিক্ত টাকা আদায়। যে সমস্ত নতুন ভোটারের জন্মতারিখ উল্লেখিত শিক্ষা সনদ নেই তাদের বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক । সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এখন জন্ম নিবন্ধন সনদের জন্য পাঁচশ থেকে এক হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে ।

সভায় আরও জানানো হয়, জন্ম নিবন্ধন সনদের জন্য সরকার নির্ধারিত কোনও ফি না থাকায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ইচ্ছেমত ফি নির্ধারণ করে থাকে । ফি’র পরিমাণ বেশি থাকায় অনেকের পক্ষে জন্ম নিবন্ধন সনদ আনা সম্ভব হয় না। ফলে তারা নতুন ভোটার হতে পারছেন না ।

মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ।
২৫ জুলাই থেকে শুরু হওয়া ভোটার হালনাগাদ কার্যক্রম ৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী চলবে । ভোলা জেলার ৭টি উপজেলায় ৭২১ জন তথ্য সংগ্রাহক এবং ১২২ জন সুপার ভাইজার কাজ করছে।

গত এক সপ্তাহে ভোলা জেলায় আট হাজার ৪৪০ জন নতুন ভোটার তালিকাভুক্ত এবং মৃত্যজনিত কারণে দুই হাজার ৫০ জন ভোটারের নাম তালিকা থেকে কাটা হয়েছে ।

কোস্ট ট্রাস্টের সমন্বয়কারী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান খান, লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজী, স্থানিয় দৈনিক বাংলারকন্ঠ সম্পাদক হাবিবুর রহমান, বাংলাদেশ মিরর সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি হাসিব রহমান, জেলা মৎসজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম মুন্সিসহ আরও অনেকে।

/এআর/