বরিশালে কামারপাড়ায় নেই ক্রেতা

কামারপাড়ায় প্রস্তুতি থাকলেও নেই ক্রেতাকোরবানির ঈদকে ঘিরে বরিশালের কামারপাড়ায় কর্ম ব্যস্ততা থাকলেও নেই কাঙ্ক্ষিত সংখ্যক ক্রেতা। এদিকে, হোগলা-সাজি ও খাটিয়া (গাছের গুড়ি) ব্যবসায়ীদের তোড়জোড় থাকলেও ক্রেতা সংকটে ভুগছেন এসব মৌসুমী ব্যবসায়ীরা। উপকরণ ও পণ্যের দাম বৃদ্ধি পাওয়া এবং বিকল্প আধুনিক পদ্ধতিতে অভ্যস্ত হতে থাকায় প্রতি বছরই কমে আসছে এসব পণ্যের ক্রেতা ও বিক্রেতার সংখ্যা।

বুধবার বরিশাল নগরীর হাটখোলার কামারপট্টিতে গিয়ে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও মিলছে না ক্রেতা। ফলে পুরনো দা-বটিতে পাইন (ধার) দেওয়ার জন্য আসা লোকজনদের নিয়েই ব্যস্ত সময় পার করছেন এখানকার কারিগররা।

রাম কর্মকার নামে এক কারিগর জানান, আগে মানুষ নিজেরাই নিজেদের কোরবানির পশু জবাই ও কাটার কাজ করতেন। এখন তা করে দিচ্ছে পেশাদার কসাইরা। তাই অনেকে দা-বটি কিনছেনই না।

কামারপাড়ায় ব্যস্ত কারিগরতিনি বলেন, বর্তমানে দা/বটি কেজি প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা, চাপাতি ৪৫০ টাকা, চামড়া ছাড়ানোর ছুরি ১৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া জবাই করাসহ অন্যান্য ছুরি বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকা দরে। কাঁচা লোহার পণ্যের দাম একটু কম রয়েছে।

কারিগর হরিপদ কর্মকার বলেন, ‘দিন দিন লোহা ও কয়লার দাম বেড়েই চলেছে। তাই চাপাতি, দা-বটি, ছুরির দামও বাড়তির দিকে। আগে মানুষ প্রতি বছর কোরবানির সময় এগুলো নতুন করে কিনতেন। এখন পণ্যগুলোর দাম বেড়ে যাওয়ায় ৩০/৪০ টাকা খরচ করে পুরাতন চাপাটি দা-বটি, ছুরিই পাইন দিয়ে নিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন, এ পেশার সঙ্গে জড়িতরা দিন দিন খারাপ অবস্থায় চলে যাওয়ায় হাটখোলায় এখন পাঁচজন কামার কোনও মতে টিকে আছে। অথচ ৩০ বছর আগে এখানে ১০/১৫ জন কামার ছিল। 

পণ্য সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতাকোরবানি পশু জবাই ও মাংস কাটার কাজের অন্যতম অনুসঙ্গ খাটিয়া। গাছের গুড়ি কেটে তৈরি করা এসব খাটিয়ার বাজার সারা বছর না থাকলেও কোরবানির সময় এর চাহিদা বেড়ে যায়।

বরিশাল নগরের নাজিরের পোল এলাকায় সবচেয়ে বেশি খাটিয়া বিক্রি ও আমদানি করা হয়ে থাকে। এখানে প্রতি পিস খাটিয়া আকার ভেদে ১৫০ টাকা থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তেঁতুল গাছের খাটিয়া ভালো হয় বলে জানালেন খাটিয়া ব্যবসায়ীরা।

খাটিয়া ব্যবসায়ী নাদিম জানান, তেঁতুল গাছের খাটিয়ার কদর বেশি থাকলেও এই গাছের আমদানি কম থাকায় দাম বেশি। গাছের দাম বাড়ায় খাটিয়ার দাম বেড়েছে। বর্তমানে ক্রেতা না থাকলেও ঈদের দু-একদিন আগে খাটিয়ার বাজারের মূল বেচা-বিক্রি হয়। তবে দাম বাড়ায় খাটিয়ার বেচা-বিক্রি অনেক কমে গেছে বলে জানালেন এই ব্যবসায়ী। তিনি বলেন, আগে যেখানে দুইটা খাটিয়া লাগতো সেখানে এখন একটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছেন মানুষ।

পশু কোরবানির অনুসঙ্গ খাটিয়াঅন্যদিকে হাটখোলার সাজি এবং হোগলা-পাটির দাম আগের মতো থাকলেও দোকানগুলোতেও খুব একটা ক্রেতার দেখা মেলে না। এর কারণ হিসেবে বিক্রেতা আইনুদ্দিন বলেন, আধুনিকতার ছোঁয়ায় এখন সাজির বদলে প্লাস্টিকের বোল আর পাটির বদলে বারবার বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য মোটা পলিথিন-শিট ব্যবহার করায় পাটি-সাজির কদর অনেকটাই কম।

তিনি জানান, বর্তমানে সাড়ে তিন হাত থেকে সাড়ে চার হাত হোগলা পাটি বিক্রি হচ্ছে-৮০-১০০ টাকায় আর সাড়ে চার হাত/সাড়ে পাঁচ হাত হোগলা পাটি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। আর সাজি আকার ভেদে ১২০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে কোরবানির এক-দুদিন আগে হোগলা-পাটির বাজারে বেচা-বিক্রি বেড়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন হাটখোলার পাটি-সাজি ব্যবসায়ী মিঠুন সাহা।

সার্বিক বিষয়ে আবুল কালাম নামে এক ক্রেতা বলেন, দিন দিন কোরবানির আনুসাঙ্গিক পণ্যের দর বেড়ে যাওয়ায় বিকল্প চিন্তা করতে বাধ্য হচ্ছেন সীমিত আয়ের লোকজন।

আরও পড়ুন:
বাগেরহাটে জমজমাট পশুর হাট, দেশি গরুর চাহিদা বেশি