বরিশালে বাবা-মায়ের সেবা করায় দুই কাউন্সিলর পুরস্কৃত

প্রবীণ হাতে সম্মাননা ভাতা তুলে দিচ্ছেন প্রধান অতিথী

‘বার্ধক্যের মাপকাঠী বয়সে। তারুণ্যের মাপকাঠী উচ্ছাস, উদ্ভাস, আনন্দে। তারণ্যকে জিইয়ে রাখুন,বার্ধক্য দূরে থাকবে’ এ স্লোগান নিয়ে রবিবার বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি  উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও প্রবীণদের আর্থিক সম্মাননা ভাতা দেওয়া হয়। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও প্রবীণ হিতৈষী সংঘ বরিশাল জেলা শাখার আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। আলোচনা সভা শেষে বৃদ্ধ মা-বাবার সেবার জন্য কহিনুর বেগম ও মাসুদরানা নামে দুই সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরকে ক্রেস্টসহ সম্মানি ভাতা দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে আরও পঁচিশ প্রবীণ ব্যক্তিকে সমাজসেবা অধিদফতর থেকে দুই হাজার টাকা করে ভাতা দেওয়া হয়।

সকাল সাড়ে ৯টায় অশ্বিনী কুমার হল চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বেড় হয়। র‌্যালিটি সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ সড়ক, দক্ষিণ চকবাজার, গির্জ্জা মহল্লা হয়ে আলোচনা সভাস্থল ও টাউন হল চত্বরে এসে শেষ হয়।

সকাল ১০টায় অশ্বিনী কুমার হলে প্রবীণ হিতৈষী ডা. মো. ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শহিদুজ্জামান।

তিনি বলেন, আমরা যদি সমাজে প্রবীণদের সম্মান না করি,  আগামীতে নবীনরাও আমাদের সম্মান দেখাবে না। আমরা যারা বৃদ্ধ, তারা কখনো যেন নিজেদের অসহায় মনে না করি। আমাদের এই সাহস মনে রেখেই সামনে এগিয়ে যেতে হবে। জনবান্ধব এ সরকার প্রবীণদের জন্য ভাতা খাতে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছে। আগামীতে প্রবীণদের চিকিৎসার জন্য একটি  ভাতা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, বরিশাল সমাজসেবা উপ-পরিচালক মো. মোশারফ হোসেন।

এসময় আরও বক্তব্য রাখেন সাবেক যুগ্নসচিব প্রফেসর (অব.) এম মোয়াজ্জেম হোসেন, বরিশাল সশস্ত্র বোর্ড সচিব নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এম জি কবীর ভুলু, মুক্তিযোদ্ধা প্রফেসর (অব.) শামসুদ্দিন খান, অবসরপ্রাপ্ত ইউ এন ও মো. শাহজাহান, ডা. সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা এসময় প্রবীণদের জন্য আলাদা একটি প্রবীণ মন্ত্রালয় গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে মৃত্যুবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও বর্তমান সদস্যদের সুস্বাস্থ্য, সুখ, শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুদ রানা।

আরও পড়তে পারেন: উসকানিতে বিভ্রান্ত না হতে রোহিঙ্গাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান