বরিশালে ৩০ মণ জাটকা জব্দ

বরিশালবরিশাল সদর উপজেলার তালতলী এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড । শনিবার (৪ নভেম্বর) সকালে কোস্টগার্ড (দক্ষিন জোন ) বরিশাল স্টেশনের সদস্যরা  এই অভিযান চালায়। কোস্টগার্ডের পেটি অফিসার মো.সাইদুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বরিশালের কীর্তনখোলার তালতলী নদীতে অভিযান চালানো হয়। অভিযানে ৩০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

তিনি আরও জানান,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস ও বরিশালের সিনিয়র মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বরিশালের সিনিয়র মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান,  ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত  জাটকা ইলিশ (১০ ইঞ্চির কম সাইজের) আহরন, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। কেউ যেন জাটকা ইলিশ ধরতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে।